বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে প্রচারে স্বতন্ত্র প্রার্থী
বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে গতকাল শ্রীপুরে নির্বাচনী প্রচারে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ০৮:০৯
| প্রিন্ট সংস্করণ
প্রাণনাশের হুমকির মুখেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার শুরু করেছেন গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান মিলন। বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি। বিএনপি থেকে বহিষ্কৃত এই স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে নির্বাচনী প্রচারে নামা প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন বলেন, ইতোমধ্যে মোবাইল ফোনে আমাকে কয়েকবার হুমকি দেওয়া হয়েছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সব প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। তিনি বলেন, নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।
ইজাদুর রহমান মিলন ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি করেছেন। বহিষ্কৃত হওয়ার আগে তিনি গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। কিন্তু দলের নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে ২০২৪ সালের ২৬ এপ্রিল দলীয় পদ হারান। একই সঙ্গে দল থেকে বহিষ্কারও করা হয় তাঁকে। ২০২৪ সালের ৮ মে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে মিলনকে দল আর ফিরিয়ে নেয়নি। এর আগে তিনি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন দুইবার।
প্রথম দিনের প্রচার প্রসঙ্গে ইজাদুর রহমান মিলন বলেন, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।
গতকাল সকালে গাজীপুর সদরের বিকেবাড়ি গ্রামের বাড়িতে স্থানীয় লোকজন ও কর্মীসমর্থকদের সঙ্গে সভা করেন মিলন। পরে পরিবারের সদস্য ও কর্মীসমর্থককে নিয়ে বাবা আব্দুল জব্বার ও মা বানেছা বেগমের কবর জেয়ারত করেন তিনি। এরপর প্রচার চালাতে যান শ্রীপুর পৌর এলাকায়।
- বিষয় :
- প্রচারণা
