ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কুড়িগ্রামে বাস-কারের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

কুড়িগ্রামে বাস-কারের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
×

সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: সমকাল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২০ | ২২:৪২ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ | ০৫:৫৫

কুড়িগ্রামে প্রাইভেটকারের সঙ্গে বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ মোট ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আরডিআরএস বাজার সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-  নরসিংদী সমাজসেবা দপ্তর পরিচালিত শিশু পরিবারের কারিগরী প্রশিক্ষক আকবর হোসেন, তার স্ত্রী বিলকিছ বেগম (৪৫) ও ছেলে বায়েজিদ হোসেন বেলাল (১৬) এবং নরসিংদীর মনোহরদী থানার চক মাধবদী এলাকার মৃত সায়েদ আলীর ছেলে প্রাইভেটকার চালক সোহেল মিয়া (৩৫)।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আকবর হোসেনের শিশুকন্যা আয়েশা সিদ্দিকা আশামনি (৯) ও কারের হেলপার ওয়াসিম (১৩)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াসিম নরসিংদীর মনোহরদী থানার চক মাধবদী এলাকার মৃত জামান আলীর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, আকবর হোসেন স্ত্রী-সন্তানদের নিয়ে প্রাইভেটকারে মনোহরদী থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মাস্টারপাড়া এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে আরডিআরএস বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক সোহেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আকবর হোসেন, তার স্ত্রী বিলকিছ বেগম ও বায়েজিদ হোসেন বেলালকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মো. আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত আকবর হোসেনের ছোট ভাই হারুন অর রশীদ বাদী বিআরটিসি বাসটির রেজিস্টেশন নম্বর উল্লেখ ও এর চালককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×