ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর
×

মুহাম্মদ মোর্শেদ আলম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করেছেন তাঁর নির্বাচনী প্রচারে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসনে তিনি বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। গতকাল সোমবার বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসব ঘটনার জন্য তিনি ধানের শীষের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন।

সংবাদ সম্মেলনে মোর্শেদ আলম জানান, গত রোববার বাটাজোর বাজারে প্রচার শুরু করলে তাঁর ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি এলাকা ত্যাগ করতে বাধ্য হন। এরপর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হরিণ প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটে। এ সময় যানবাহন ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়। এতে কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন পুড়ে যায় এবং বেশ কয়েকজন আহত হন। তিনি আরও বলেন, গতকাল সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তাঁর এক সমর্থককে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়া হয় এবং প্রচারের সরঞ্জাম আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তিনি আরও দাবি করেন, এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সহযোগিতা পাচ্ছেন না। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছারুয়ার জাহান এমরান, সদস্য সিরাজুল ইসলাম ঢালী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মহিলা দলের বহিষ্কৃত নেত্রী খালেদা নার্গিসসহ নেতাকর্মীরা।
 

আরও পড়ুন

×