২০০ কোটি টাকার আয়বর্ধক প্রকল্পের উদ্যোগ চসিকের
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ০৭:৫০
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) আর্থিকভাবে স্বনির্ভর করতে প্রায় ২০০ কোটি টাকার আয়বর্ধক প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। শপিং কমপ্লেক্স, আবাসন প্রকল্পসহ বিভিন্ন রাজস্ব-বর্ধনশীল পরিকল্পনার মাধ্যমে নগর সংস্থাটির আয় বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল দামপাড়া চসিক রেস্ট হাউসে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে চসিকের মতবিনিময় সভায় এসব প্রকল্প নিয়ে আলোচনা হয়। সভায় চট্টগ্রাম মহানগরের অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় জানানো হয়, প্রাথমিকভাবে প্রায় ২০০ কোটি টাকার আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এসব প্রকল্পের অর্থায়নের ১৮ শতাংশ ঋণ, ৭২ শতাংশ অনুদান এবং ১০ শতাংশ চসিকের নিজস্ব অর্থায়ন থেকে আসবে। প্রকল্পের সম্ভাব্য স্থান হিসেবে নগর ভবন, বিবিরহাট কিচেন মার্কেটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন চিহ্নিত করা হয়েছে। আজ শনিবার বিএমডিএফের প্রতিনিধি দল এসব স্থান সরেজমিন পরিদর্শন করবে।
- বিষয় :
- চসিক
