জগন্নাথপুরে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় ‘লন্ডনিরা’
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারে ধানের শীষের পক্ষে প্রচার করছেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ইউকের নেতারা সমকাল
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০১
| প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন বিপুল সংখ্যক যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি।
কয়েক দিন ধরে ধানের শীষে ভোট প্রার্থনা করে বিভিন্ন স্থানে গণসংযোগে নেমেছেন স্থানীয়ভাবে ‘লন্ডনি’ বলে পরিচিত যুক্তরাজ্যপ্রবাসীরা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে ফিরেছেন তারা।
জগন্নাথপুর অঞ্চলটি প্রবাসী অধ্যুষিত হিসেবে সুপরিচিত। এসব প্রবাসী এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একইভাবে স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোটের মাঠেও তাদের প্রভাব থাকে।
গতকাল সোমবার দুপুরে শহরের জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের কাছে বিএনপি প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করেন জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা একুডেশন ট্রাস্ট ইউকের নেতারা।
প্রচারণায় অংশ নেওয়া জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা একুডেশন ট্রাস্ট ইউকের সাবেক ভাইস চেয়ারম্যান এমএ কাদির বলেন, ‘কয়ছর আহমদ আমাদের ট্রাস্টেরই একজন। তিনি দীর্ঘদিন রাজনীতির পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। তাঁর পক্ষে প্রচারণায় অংশ নিতে আমরা ৬০ জন ট্রাস্টি দেশে ফিরে মাঠে কাজ করছি।’
ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মহিব উদ্দিন জানান, তারা বিএনপি প্রার্থী কয়ছর আহমদের পক্ষে ধানের শীষের গণসংযোগ শুরু করেছেন। ট্রাস্টের আরও অনেকে শিগগিরই দেশে ফিরে নিজ নিজ এলাকায় প্রচারে অংশ নেবেন। এলাকার উন্নয়নের স্বার্থে ভোটাররা কয়ছর আহমদকে নির্বাচনে বিজয়ী করবে বলে আশাবাদ জানান তিনি।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ বলেন, ধানের শীষের প্রার্থীর পক্ষে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চার শতাধিক প্রবাসী দেশে ফিরে ভোটের মাঠে কাজ শুরু করছেন। আরও অনেকে দেশে আসার পথে। তাদের পদচারণায় এলাকায় উৎসবমুখর পবিরেশ বিরাজ করছে। কয়ছর আহমেদ বিজয়ী হবেন বলে তিনি আশাবাদী।
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মধ্যে চারজন প্রবাসী। তিনজন যুক্তরাজ্য ও একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী। অপর তিনজন স্থানীয়ভাবে রাজনীতি করলেও আছেন প্রবাসী আত্মীয়স্বজন। এসব প্রার্থীর পক্ষে বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফিরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
- বিষয় :
- প্রচারণা
