ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচিত হলে অনৈতিক সুবিধা-তদবির গ্রহণ করব না: হাসনাত আবদুল্লাহ

নির্বাচিত হলে অনৈতিক সুবিধা-তদবির গ্রহণ করব না: হাসনাত আবদুল্লাহ
×

ছবি: সমকাল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি জনগণের অর্থ ও সমর্থনের ওপর ভর করেই রাজনীতি করবেন, তবে কোনো ধরনের অনৈতিক সুবিধা বা তদবির গ্রহণ করবেন না।

বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ মাদ্রাসা মাঠে শাপলা কলি প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তি‌নি আরও বলেন, মানুষ আমাকে সহযোগিতা করছেন রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য। কেউ যদি মনে করেন অর্থ দিয়ে পরে কোনো সুবিধা আদায় করবেন—তা সম্পূর্ণ ভুল। আইন ও ন্যায়ের প্রশ্নে আমি নিজের আত্মীয়কেও ছাড় দেব না।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি সুবিধাবাদী গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছে। এক ভাই এক দলে, আরেক ভাই অন্য দলে—যে দল ক্ষমতায় আসে, সুবিধা নেয় তারাই। এই অপসংস্কৃতি আর চলতে দেওয়া হবে না।

মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, যারা ভুল পথে আছেন, তারা সঠিক পথে ফিরে এলে আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। কিন্তু কেউ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, রাস্তাঘাট সংস্কারসহ জনস্বার্থসংশ্লিষ্ট কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। কে কোন দলের, তা বিবেচ্য নয়—জনগণের জন্য যে রাস্তা বা কাজ বেশি জরুরি, সেটাই আগে করা হবে।

ভোটারদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটের আগের দিন যদি টাকার প্রলোভন দেওয়া হয়, তা প্রত্যাখ্যান করুন। ঘুষের বিরুদ্ধে থাকলে ভোটের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করতে হবে।

আরও পড়ুন

×