ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রংপুর-৬ আসন

জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল

জোট ছেড়ে ধানের শীষের প্রচারে  ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
×

ছাদেকুল ইসলাম

 পীরগঞ্জ (রংপুর) প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৫২

| প্রিন্ট সংস্করণ

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ১১ দলীয় জোটভুক্ত দল এবি পার্টির প্রার্থী হওয়া সত্ত্বেও নিজের প্রতীক ছেড়ে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে প্রচারের কাজ করছেন দলটির 
নেতা ছাদেকুল ইসলাম ওরফে সালেক। তাঁকে নিয়মিত বিএনপিপ্রার্থী সাইফুল ইসলামের সঙ্গে গণসংযোগ ও পথসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা যাচ্ছে।

নির্বাচনী সভায় ছাদেকুল ইসলাম জানান, তাঁর বরাদ্দকৃত প্রতীক ঈগল এবং তাঁর দল ১১ দলীয় জোটের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তিনি ব্যক্তিগতভাবে বিএনপি প্রার্থী সাইফুল ইসলামকে সমর্থন দিয়েছেন। তাঁর বিশ্বাস, পীরগঞ্জের উন্নয়নের জন্য অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন।
ভোটারদের উদ্দেশে ছাদেকুল ইসলাম বলেন, দল-মত নির্বিশেষে পীরগঞ্জকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে সাইফুল ইসলামকে বিজয়ী করা প্রয়োজন। তিনি জনগণের নাগালের মধ্যে থাকেন এবং স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন।

প্রচারণায় ছাদেকুল ভোটারদের কোনো প্রকার প্রলোভনে পা না দিয়ে এবং ধোঁকাবাজি কথায় কান না দিয়ে সঠিক প্রার্থীকে বেছে নিতে আহ্বান জানান। বিশেষ করে নির্বাচনের দিন সকালে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে তিনি সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান।
শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরের এই আসনে নির্বাচনকে ঘিরে রাজনীতির নতুন সমীকরণ দৃশ্যমান। বর্তমানে পীরগঞ্জ আসনটি দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসনগুলোর একটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ 
আবু সাঈদের জন্মস্থান এই পীরগঞ্জে। এমন গুরুত্বপূর্ণ আসনে নির্বাচনী গণসংযোগে বিএনপি প্রার্থী সাইফুল ইসলামের ছায়াসঙ্গী হিসেবে দেখা যাচ্ছে তাঁরই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চলছে গুঞ্জন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মজলিসুন মোফাচ্ছিরিন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন, বিএনপির 
ধানের শীষ প্রতীকে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নুর আলম মিয়া যাদু নির্বাচন করছেন। অন্য প্রার্থীদের মধ্যে আছেন ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ, ঈগল প্রতীকে এবি পার্টির ছাদেকুল ইসলাম, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে আবু জাফর মো. জাহিদ নিউ, ফুটবল প্রতীকে খন্দকার শাহিদুল ইসলাম ও সূর্যমুখী ফুল প্রতীকে তাকিয়া জাহান চৌধুরী। 
এ আসনটি এক সময় জাতীয় পার্টির শক্ত দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছিল, পরে আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়। পটপরিবর্তনের ফলে আওয়ামী লীগের দুর্গে এখন ধানের শীষ ও দাঁড়িপাল্লার জোয়ার বইছে। জাতীয় পার্টির প্রার্থীর চাইতে অনেকটা শক্ত অবস্থানে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী।

আরও পড়ুন

×