ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাবার মৃত্যুতে প্যারোল না পাওয়া মিলন জামিনে মুক্ত

বাবার মৃত্যুতে প্যারোল না পাওয়া মিলন জামিনে মুক্ত
×

মিলন মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:০৪

বাবার মৃত্যুর পর প্যারোল না পাওয়া কিশোরগঞ্জের ভৈরবের ব্যবসায়ী মিলন মিয়া অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার দুপুরে তিনি কারগার থেকে বের হয়েছেন বলে জানিয়েছেন জেল সুপার রিতেশ চাকমা। 

মিলনের আইনজীবী আব্দুল মোমেন ভূঁইয়া তুহিন জানিয়েছেন, সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক সুপ্রিয়া রহমানের কাছে গত রোববার শুনানি করলে জামিন মঞ্জুর হয়। জামিন আদেশ কারাগারে যাওয়ার পর গতকাল মিলনকে মুক্তি দেওয়া হয়েছে।

ভৈরবের শিবপুর ইউনিয়নের পানাউল্লার চর গ্রামের ইট-বালু ব্যবসায়ী মিলন বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় প্রায় দেড় বছর কারাবন্দি ছিলেন। আইনজীবী তুহিন জানান, মিলন আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই, শুধু সমর্থক। কোনো মামলায় এজাহারভুক্ত আসামিও ছিলেন না। ২০২৪ সালে ভৈরব থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁকে কারাগারে পাঠায়। গত ১৯ জানুয়ারি মিলনের জামিন মঞ্জুর হলেও কারাগার থেকে মুক্তি পাওয়ার আগেই মিলনকে বিশেষ ক্ষমতা আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখালে তিনি কারাগারেই থেকে যান। 

মিলনের বাবা ফুল মিয় মারা যান গত ৩ জানুয়ারি। বাবার জানাজায় অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আইনজীবী আবেদন করলেও প্যারোল মঞ্জুর হয়নি। লাশ কারা ফটকে এনে দেখানোর অনুমতি মেলে। ফলে ৪ জানুয়ারি ফ্রিজিং ভ্যানে করে মৃত বাবাকেই কিশোরগঞ্জ কারাগারে নিয়ে যান মিলনের স্বজনরা।

আরও পড়ুন

×