মৌলভীবাজার-১
প্রচারণা শেষে ভোটের হিসাব-নিকাশে বসছেন সব দলের নেতাকর্মীরা
ছবি : সমকাল
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৩৯
শেষ হয়ে গেছে নির্বাচনী প্রচারের সময়। প্রার্থী ও তাদের অনুসারীরা ভেতরে ভেতরে চালিয়ে যাচ্ছেন ভোটব্যাংক বাড়ানোর প্রচেষ্টা। এমন পরিস্থিতিতে তৃণমূল রাজনীতিক ও রাজনীতি সচেতন ব্যক্তিরা বলছেন দিন শেষে আওয়ামী লীগের ভোটব্যাংকই মুখ্য বিষয় হয়ে উঠেছে।
আনুষ্ঠানিক প্রচারণা শেষে ভোটের হিসাব-নিকাশে বসছেন সব দলের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা।
আগামীকাল বৃহস্পতিবার ভোটযুদ্ধ। কাগজ-কলমে সব হিসাব পাল্টে যেতে পারে ভোটের মাঠে। গত কয়েকদিনের বিরামহীন প্রচারণা শেষে অনেকের মাঝে তন্দ্রা ভাব চলে এসেছে। তার মাঝেই চলছে আওয়ামী লীগ ও চা শ্রমিকদের ভোট নিয়ে হিসাব।
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী দুই উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসনটি স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হন আটবার। দুইবার বিএনপি ও দুইবার জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হন।
৫ আগস্ট-পরবর্তী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দ্বিধায় ভুগছেন দলটির নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা। এই সুযোগ কাজে লাগিয়ে বিজয়মালা পরতে তাদেরই টার্গেট করেছেন বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীরা।
মৌলভীবাজার-১ আসন বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং জুড়ী উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী বড়লেখায় ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৯৬ জন ও জুড়ীর ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭২০ জন। দুই উপজেলার সর্বমোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।
এই আসনের নির্বাচনী মাঠে জোরেশোরে প্রচারণা চালিয়েছেন বিএনপির নাসির উদ্দিন আহমেদ। ধানের শীষ নিয়ে তিনি লড়ছেন বিএনপির প্রতিনিধি হিসেবে। অন্যদিকে দাঁড়িপাল্লায় আছেন জামায়াতের মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। মূল লড়াই এই দুজনের মাঝে হওয়ার সম্ভাবনাই ছিল।
এ ছাড়া জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল), আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মুফতি বেলাল আহমদ (কাপ পিরিচ) ও গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলাম (মাছ) ভোটে লড়বেন। গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার বিএনপি প্রার্থীকে কয়েকদিন আগে এক সমঝোতা সভায় সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সর্বমোট ৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে তৎপর থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপি প্রার্থী নাসির উদ্দিন ও জামায়াত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। এমনটাই বলছেন সাধারণ মানুষ। বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজুর অনুসারীদের সঙ্গে দীর্ঘদিনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ বিএনপি আসন পুনরুদ্ধার করতে পারে বলে ধারণা তাদের। তবে জয়ী যেই হোন আওয়ামী সমর্থকদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এক্ষেত্রে।
বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, এই আসনের সংখ্যালঘু ভোটার সংখ্যা প্রায় ৮০ হাজার। এইসব ভোটারই মূলত আওয়ামী লীগের ভোটব্যাংক এবং তাদের কারণে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করেছে।
সংখ্যালঘু, চা শ্রমিক আর আদিবাসী ভোটারদের সিংহ ভাগ ছাড়াও আওয়ামী লীগের নিজস্ব ভোট রয়েছে আরও প্রায় ৬০ হাজার। স্বাধীনতার পর থেকে প্রতিটি সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের ৮০ থেকে ৯০ ভাগ ভোট নৌকার বাক্সেই বাঁধা। এই ভোটব্যাংককে পুঁজি করেই আওয়ামী লীগের প্রার্থীরা বারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে সংখ্যালঘু ও আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের নানা কৌশলে নিজেদের পক্ষে নিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের দলীয় নেতাকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন বিশ্লেষকরা জানান, আগামীকালের সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনের নির্বাচনী জয়-পরাজয় নির্ভর করবে আওয়ামী লীগ ও সংখ্যালঘু নীরব ভোটারদের ওপর। যে প্রার্থী আওয়ামী লীগের ও সংখ্যালঘু ভোটারদের বেশি সমর্থন আদায় করবেন সেই প্রার্থীই জয়লাভ করবেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের অনেক সাধারণ নেতাকর্মী বিভিন্ন মাধ্যমে তাদের নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এতে প্রতীয়মান হচ্ছে আওয়ামী লীগের নীরব ভোটগুলো বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদের (মিটু) বাক্সেই যাবে।
বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্ম পরিষদের সদস্য সদর ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম সোহেল বলেন, বিগত ২০১৮ সালে বিএনপির সঙ্গে জোটে ছিলেন তারা। এবার আর সেই দিন নেই। ক্লিন ইমেজের প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের বিজয় সময়ের ব্যাপার মাত্র।
জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা জানান, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এই আসনে আওয়ামী লীগ সমর্থিত ভোটাররা ভোট দিতে যাবেন বলে অনেকেই নিশ্চিত করেছেন। এ দেশের সংখ্যালঘুদের সুরক্ষায় বিএনপির বিকল্প নেই। সংখ্যালঘুসহ আওয়ামী লীগ সমর্থকদের ৯০ ভাগ ভোটার ধানের শীষে ভোট দিয়ে নাসির উদ্দিন আহমেদকে বিজয়ের মালা পরাবেন।
- বিষয় :
- নির্বাচন
- প্রচারণা
- মৌলভীবাজার
- মৌলভীবাজার-১
