নিজেদের প্রতীকে ভোট দিতে পারলেন না জি এম কাদের-আখতার হোসেন
জি এম কাদের ও আখতার হোসেন। ফাইল ছবি
রংপুর অফিস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:২৭
রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তাঁর প্রতীক লাঙ্গল। আর রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তবে নিজ নিজ নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এ দুই শীর্ষ নেতা সেখানে ভোট দিতে পারছেন না। কারণ, তাঁরা দু’জনই ঢাকার ভোটার।
নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বর্তমান ও স্থায়ী ঠিকানা বাসা নং-৯/এ, সড়ক নং-৩৩, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০ উল্লেখ করা হয়েছে এবং তাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনুসন্ধান করে দেখা গেছে, তিনি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার।
অন্যদিকে, আখতার হোসেনের স্থায়ী ঠিকানা রংপুরের কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামে হলেও তিনি ঢাকার ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তাঁর ভোটকেন্দ্র ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
আখতার হোসেন বলেন, ভোটার এলাকা পরিবর্তন করতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এজন্য নির্বাচন কমিশনই দায়ী করছেন। তাঁর দাবি, ভোটার এলাকা পরিবর্তনের জন্য চেষ্টা করলেও নির্বাচন কমিশন সহযোগিতা করেনি। তিনি জানান, ভোটার আবেদনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তখন বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার ঠিকানা ব্যবহার করেছিলেন। নিয়ম অনুযায়ী, বর্তমান ঠিকানার ভিত্তিতেই তাঁর নাম ঢাকার ওই এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বিষয় :
- রংপুর
- জাতীয় পার্টি
- জি এম কাদের
- এনসিপি
- আখতার হোসেন
