ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোট দিতে গেলেন শতবর্ষী ফৌজুল

ভোট দিতে গেলেন শতবর্ষী ফৌজুল
×

ছেলের ঘরের নাতি কালাম ও জমিরের কাঁধে ভর করে ভোট দিতে কেন্দ্রে গেলেন শতবর্ষী ফৌজুল কবির। ছবি: সমকাল

কাইছার হামিদ, লোহাগাড়া (চট্টগ্রাম)

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৫৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:০০

ছেলের ঘরের নাতি কালাম ও জমিরের কাঁধে ভর করে ভোট দিতে কেন্দ্রে গেলেন শতবর্ষী ফৌজুল কবির। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ার বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

বৃদ্ধা ফৌজুল কবির উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ার বাসিন্দা। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ের বাবা। তার স্ত্রী আমিনা বেগম বেশ কয়েক বছর আগে মারা গেছেন। ছেলে-মেয়েরাও বয়সের ভারে ন্যুব্জ।

ফৌজুল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অনেক বছর ধরে ভোট দেইনি। ভোট হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। যোগ্য মানুষকে ভোট দিতে পেরে খুশি লাগছে।’

তিনি বলেন, ‘কোনো বারই ভোট দেওয়া বাদ দেই নাই। গেল দুই সংসদ নির্বাচনে ভোট দিতে পার নাই। এবার দুই নাতিকে বলল্লাম– ভোট দিতে যাব। ওরা দুজন আমাকে ধরে নিয়ে এসেছে। ওদের কাঁধে ভর করে ভোট দিতে এলাম।’

বৃদ্ধা ফৌজুলের নাতি জমির উদ্দিন বলেন, ‘আমার দাদা বেশ কয়েক বছর ধরে চলাফেরা করতে পারেন না। তারপরও তিনি ভোট দিতে আসার বায়না ধরেন। এজন্য তাকে কেন্দ্রে নিয়ে এসেছি।’

নারী ভোটারের উপস্থিতি বেশি
লোহাগড়ার বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এলাকার তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দৃশ্য দেখা গেছে।

এছাড়া লোহাগাড়া বোর্ড প্রাইমারী, সুখছড়ি উচ্চ বিদ্যালয়, মৌলভীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা ও শাহপীর এবতেদিয়া ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেও নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

আরও পড়ুন

×