ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রতিমন্ত্রী শরীফুল আলম

ভৈরবে বিরোধী দলের সঙ্গে কোনো সমস্যা হয়নি, হবেও না

ভৈরবে বিরোধী দলের সঙ্গে কোনো সমস্যা হয়নি, হবেও না
×

ভৈরব বাজারে দ্রব্যমূলের দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৫৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি। শুক্রবার কিশোরগঞ্জের ভৈরবে মতিবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো বিশেষ গোষ্ঠী বা ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য এই জায়গায় আসি নাই। আমি সর্বস্তরের মানুষের ভালোবাসায় এমপি হয়েছি। ভৈরবে মাদক ছিনতাই ও অরাজকতা বেড়েছে। এসবের স্থায়ী সমাধান করা হবে। নির্বাচনের পর ভৈরবে বিরোধী দলের সঙ্গে কোনো সমস্যা হয়নি। সমস্যা হবেও না।’

প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধের নির্দেশনা দিয়েছেন। ভৈরব থেকে মাদক ও ছিনতাই উচ্ছেদে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি। 

তিনি বলেন, ‘বাসযোগ্য ভৈরব গড়ে তুলতে চাই। আমার নির্বাচনী এলাকাকে সারাদেশে মডেল হিসেবে গড়ে তুলবো। ভৈরব-কুলিয়ারচর শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে। শিক্ষার মানোন্নয়নে যেকোনো সহযোগিতা করবো।’

প্রতিমন্ত্রী বলেন, ভৈরবের হাজি আসমত কলেজে দ্রুত সময়ের মধ্যে মাস্টার্স চালু, এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, নির্মাণাধীন ট্রমা হাসপাতাল ও ১০০ শয্যা হাসপাতালকে দ্রুত সময়ে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন শরীফুল আলম। 

ভৈরবের ইউএনও কেএম মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ফায়জুল ইসলাম, র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তপন সরকার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুব উল্লাহ মুছা প্রমুখ। সভা সঞ্চালনা করেন এসিল্যান্ড এএইচএম আজিমুল হক।
 

আরও পড়ুন

×