গ্যাস সংকটে বন্ধ ঘোড়াশাল-পলাশ সার কারখানার উৎপাদন
ছবি: সমকাল
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১৯:১৮ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ১৯:২৯
দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেল দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পলাশ সার কারখানার উৎপাদন।
বুধবার বিকেল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কারখানার সার উৎপাদন বন্ধ করা হয় বলে জানান কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম।
কারখানা সূত্রে জানা যায়, শতভাগ উৎপাদনে চালু ছিল এ সার কারখানাটি। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ২৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সার কারখানার উৎপাদন পুরোপুরিভাবে গ্যাসনির্ভর। সার কারখানাটি গ্যাস সংকটে বন্ধ হওয়ার পর কারখানার গুদামে ৫ লাখ ২৫ মেট্রিক টন সার মজুত রয়েছে। সার কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়।
গ্যাস পেলে কারখানায় আবার পুরোপুরি উৎপাদনে যাওয়া যাবে বলে। তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলে জানান কারখানার প্রশাসনিক কর্মকর্তারা। এদিকে পলাশের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে এখানকার দায়িত্বরত ম্যানেজার আল আমিনের ফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
- বিষয় :
- গ্যাস সংকট
- সার কারখানা
- উৎপাদন
- নরসিংদী
