ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও

পূবালী ব্যাংক

লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও
×

 বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ০৯:২৭

| প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে সুমন কুমার দাস নামের এক গ্রাহকের ২০০ ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ। 

গতকাল দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মাদ হাচান চৌধুরী, পিবিআই পুলিশ সুপার মো. আল মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূবালী ব্যাংকের শাখায় আসেন। বিকেল পর্যন্ত কয়েক ঘণ্টা বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। এর আগে বুধবার সুমন দাস ব্যাংকের লকারে মজুত রাখা স্বর্ণ খোয়া যাওয়ার অভিযোগ করেন।

গ্রাহকের অভিযোগে জানা যায়, ২০২৫ সালের ১৫ অক্টোবর বাগেরহাট শাখার পূবালী ব্যাংকের লকারে পরিবারসহ আত্মীয়স্বজনের আনুমানিক ২০০ ভরি স্বর্ণালংকার রাখা হয়। পারিবারিক অনুষ্ঠান থাকায় বুধবার ব্যাংকে গিয়ে লকারে মজুত রাখা স্বর্ণ নিতে গিয়ে দেখা যায়, মজুতকৃত স্বর্ণালংকার নেই। বিষয়টি ব্যাংক কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানালে তারা বিষয়টি তদন্ত শুরু করে।
সুমন বলেন, আত্মীয়স্বজনসহ আমাদের সবার স্বর্ণালংকার ছিল। খুবই সংকটে পড়ে গেলাম আমরা। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে জানান ব্যাংকের  এজিএম মনিরুল আমিন। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পরে কে দায়ী, সে বিষয়ে স্পষ্ট হবে।

আরও পড়ুন

×