ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ২

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ২
×

‎নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ০০:১৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দুইজন দগ্ধ ও একজন আহত হয়েছেন। ‎দগ্ধ দুইজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

‎শুক্রবার সন্ধ্যায় আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নিচতলায় ভাড়া দেওয়া ঝুটের গুদামে এই বিস্ফোরণ ঘটে।

‎স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভবনটির নিচতলায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। এসময় নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধ্বসে পড়ে। আগুনে দগ্ধ হন ঝুট ব্যবসায়ী শিপন ও তার কর্মচারী লিটন। ধ্বসে পড়া দেয়ালে আহত হন বাড়ির ভাড়াটিয়া ছগির।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত আগুন নেভায়। তাই আগুন ছড়াতে পারেনি। দগ্ধ ও আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে দগ্ধ শিপন ও লিটনের শারিরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

‎বিস্ফোরণের বিকট শব্দে আশাপাশের চারটি বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে।

‎ঘটনাস্থল পরিদর্শন শেষে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, তিতাসের পাইপ লাইনে লিকেজ হয়ে ঝুটের গুদামে গ্যাস জমে। সেই গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বিস্ফোরণে তিনজন আহত হয়েছে বলে শুনেছি।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দগ্ধদের অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। তাদের মধ্যে দগ্ধ শিপনের শরীরের ১৫ শতাংশ পুঁড়ে গেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×