সালিশে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৯:৩০ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১৩:৫২
| প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আনিসুর রহমান ওরফে বেহুদোলা নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার রাত ১১টার দিকে পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে উভয়ের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন। রোববার রাতেও সালিশে বসেছিলেন দুপক্ষ; কিন্তু নিষ্পত্তি হয়নি। আনিসুর রহমান ও তাঁর সঙ্গে আসা লোকজন বাড়ি ফিরছিলেন। এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের লাঠির আঘাতে মারা যান আনিসুর রহমান। আহত হয়েছেন উভয়পক্ষের তিনজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকেই নারীর পরিবারের সদস্যরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
- বিষয় :
- হত্যা
- সালিশ
- সংঘর্ষ
- চাঁপাইনবাবগঞ্জ
