বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি পোহাসের
ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ নির্ধারিত সময়ে শেষ করার দাবিতে সোমবার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর-সংলগ্ন এলাকায় পোহাসের মানববন্ধন সমকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৯:৪১ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১৩:৪৯
| প্রিন্ট সংস্করণ
দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প নির্ধারিত কর্মবিধি মেনে তাহিরপুরের হাওরাঞ্চলের সব ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করতে দাবি তুলেছেন স্থানীয়রা।
সোমবার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পারে দুপুরে কৃষকদের নিয়ে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা (পোহাস)। এতে উপস্থিত বক্তারা বলেন, হাওরে ফসল রক্ষা বাঁধের কাজের নির্ধারিত সময়সীমা ২৮ ফেব্রুয়ারি। তা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু এখনও অনেক হাওরে বাঁধের কাজ অসম্পন্ন রয়ে গেছে। বাঁধ নির্মাণের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর পরও কাজের গতি ধীর। তাড়না লক্ষ্য করা যাচ্ছে না দায়িত্বশীলদের। এদিকে কৃষকরা জানান, বাঁধের কাজের ধীরগতি নিয়ে তারা বেশ চিন্তিত। এরই মধ্যে আকাশে কাল মেঘের আনাগোনা চলছে।
পোহাসের বক্তারা আরও বলেন, এ বছর অনেক প্রকল্পে অতিরিক্ত বরাদ্দও দেওয়া হয়েছে। যেসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি, সেসব বাঁধের ওপরে ড্রেসিং করেই মাটির কাজ দেখিয়ে সরকারি অর্থ লোপাটের অভিযোগ রয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ টিটু, স্থানীয় কৃষক হাদিস মিয়া, জিয়াউর রহমান, ফজলু মিয়া, বিল্লাল আমিন, নাজমুল ইসলাম প্রমুখ।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, নির্ধারিত সময়ের পর বর্ধিত সময়ের আর মাত্র ছয় দিন বাকি। এখনও বাঁধের অন্তত ২৫ শতাংশ কাজ বাকি।
