টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ০৮:১৮
| প্রিন্ট সংস্করণ
তাড়াশে সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। মেসার্স রুখসানা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু হাসানের বিরুদ্ধে তাঁর পরিবারের সদস্যদের নামে তিনটি লাইসেন্স গ্রহণ এবং গুদাম না থাকা সত্ত্বেও বাড়িতে মালপত্র মজুত করে বিক্রির লিখিত অভিযোগ করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ মালপত্র জব্দ করার পর অভিযুক্ত ডিলার পলাতক রয়েছেন।
জাহাঙ্গীরগাঁতী গ্রামের আবু হাসান নিজের নামে মেসার্স রুখসানা ট্রেডার্স ছাড়াও ছেলে মাসুদ রানার নামে ‘মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স’ এবং মেয়ের নামে ‘রুপসা ট্রেডার্স’–এই তিনটি লাইসেন্স নিয়েছেন। টিসিবির নিয়ম অনুযায়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও নিজস্ব গুদাম থাকা বাধ্যতামূলক হলেও বাস্তবে তাঁর কোনো গুদামের অস্তিত্ব পাওয়া যায়নি। আবু হাসান তিনটি লাইসেন্সের মালপত্র নিজ বাড়িতে মজুত রাখেন এবং প্রশাসনকে ম্যানেজ করে নামমাত্র বিতরণের পর অবশিষ্ট পণ্য কালোবাজারে বিক্রি করে দেন বলে অভিযোগকারী আব্দুল খালেক জানিয়েছেন।
অভিযোগে আরও জানা যায়, গত ৯ মার্চ জাহাঙ্গীরগাঁতি বাজারে পণ্য বিক্রির কথা থাকলেও আবু হাসান তা করেননি। পরে এলাকাবাসী জানতে পারেন, পার্শ্ববর্তী রায়গঞ্জ উপজেলার পুল্লা গ্রামের একটি বাড়িতে টিসিবির মালপত্র কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মালপত্র জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকেই আবু হাসান পলাতক রয়েছেন।
অভিযোগকারী মো. আব্দুল খালেকের দাবি, অনিয়মের বিরুদ্ধে মুখ খোলায় আবু হাসান তাঁকে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসানোর হুমকি ও বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি দ্রুত এই তিনটি লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত আবু হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে ‘চক্রান্ত’ বলে দাবি করেন। তবে মালপত্র জব্দ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
টিসিবি বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক সাদ্দাম হোসেন জানান, ‘ফোনে বিষয়টি জানার পর ইউএনওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
- বিষয় :
- টিসিবি
