ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
×

ছবি: সমকাল

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ২০:৩৩

কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুরসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৭টায় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কাউয়াবাড়ি বংশের সঙ্গে তারার বাড়ির বংশের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন ২৫ জন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এছাড়া ৬ জনকে আটক করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব।

তিনি জানান, রাত ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ৫ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা।

আহত তাফালি বাড়ির আবু সালেক বলেন, আমাদের বাড়িতে সিরাজ পাগলার মাজারে বাৎসরিক ওরস চলছিল। আমিসহ আমাদের বাড়ির কয়েকজন যুবক ও খাঁ বাড়ির কয়েকজনকে নিয়ে মাজারে আমরা নিরাপত্তা কাজ করছি। আমরা ওরস কমিটির সদস্যরা কিছু বুঝে উঠার আগেই তারার বাড়ি ও মুন্সি বাড়িসহ বিভিন্ন বংশের লোকজন মাজারে এসে আমাদের উপর হামলা করে। আমিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছি। মাজারে যেন ওরস পালন করতে না পারি এজন্য আমাদের উপর হামলা চালিয়েছে।

তারার বাড়ির মহিউদ্দিন বলেন, দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়েছিলেন বিষয়টি মীমাংসা হয়ে যাক। কিন্তু উভয় পক্ষের কিশোরদের উত্তেজনার কারণে সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কালিকাপ্রসাদ এলাকায় কাউয়ার বাড়ির সঙ্গে তারার বাড়ির সংঘর্ষ হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গেলেও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে সেনাবাহিনী, র‍্যাব সদস্যদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় উভয়পক্ষের ৬ জনকে আটক করে থানায় আনা হয়েছে। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×