লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী
পদ্মার নয়, আসল রূপালি ইলিশ মেঘনার
লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে শনিবার জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। ছবি: সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ১৯:৫১
পদ্মায় নয়, আসল রূপালি ইলিশ মেঘনা নদীতে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মেঘনার ইলিশ স্বাদ ও গুণগত মানে অনন্য, যা দেশের অন্যান্য নদীর তুলনায় আলাদা পরিচিতি বহন করে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ—এ সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকতে হবে।’
এই সময়ে ধৈর্য ধরলে ভবিষ্যতে বড় আকারের ইলিশ পাওয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, এটি জেলেদের জন্য আরও লাভজনক হবে।
সরকার জনগণের অঙ্গীকার রক্ষা করে প্রতিনিয়ত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, প্রতিদিনই কোনো না কোনো সেবা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী নতুনভাবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্ব দিয়ে জনগণের পাশে দাঁড়াচ্ছেন। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, শিকার নিষিদ্ধ সময়ে জেলেদের জন্য আগের তুলনায় বরাদ্দ বাড়ানো হয়েছে, যা সরকারের পক্ষ থেকে জেলেদের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।
এ সময় তিনি লক্ষ্মীপুরকে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে বলেন, এই উদ্যোগ স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতনতা জরুরি। নিষিদ্ধ সময়ে মাছ আহরণ বন্ধ রাখতে হবে। দেশের সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও শাহাদাত হোসেন সেলিম; মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।
- বিষয় :
- ইলিশ
- লক্ষ্মীপুর
- পানিসম্পদ মন্ত্রী
