ফটিকছড়িতে চুরির অপবাদ দিয়ে সালিশ বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ১৩:৫৪ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ | ১৪:৫১
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চুরির অভিযোগ এনে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায় নৃশংস এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম মো. আবছার। তিনি ওই এলাকার বাসিন্দা। একই ঘটনায় আহত অন্যজনের নাম মো. রাসেল।
ভুজপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ৪টার দিকে নিহত ও আহত যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে গ্রাম্য সালিশ বসানো হয়। এসময় স্থানীয় একদল লোক তাদের চোর সন্দেহে মারধর করে। সেখানে তাদের মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারধর করা হয়।
আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে আবছার মারা যান। ঘটনার পর ভূজপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাটহাজারী সার্কেলসহ ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ধরার অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, নিহত ও আহতদের বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে তা বিচার করার জন্য প্রশাসন রয়েছে। কেউ চাইলে এভাবে মেরে ফেলতে পারে না। অভিযুক্তদের ধরার জন্য পুলিশের অভিযান চলছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- ফটিকছড়ি
- সালিশ
- চুরির অভিযোগ
- পিটিয়ে হত্যা
