মাটি কাটার গভীর গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ১৮:০২
চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। রোববার সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় বিল গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসীর জানিয়েছেন, কৃষি জমি থেকে মাটি কাটার কারণে সৃষ্ট গভীর গর্তে পড়ে মারা যায় শিশু দুটি।
এরা হলো– বড় বিল গ্রামের করিম বাপের বাড়ি এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি আক্তার মনি (৯) ও জাকির হোসেনের মেয়ে সানজিদা আক্তার (৮)। তাঁরা ভূজপুর আল মাহাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার নূরানী বিভাগে পড়তো।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন আগে একই এলাকার কৃষিজমি থেকে এক্সকাভেটর দিয়ে প্রায় ২০ ফুট গভীর গর্ত করে মাটি কেটে নেওয়া হয়। সাম্প্রতিক বৃষ্টিতে সেই গর্তে পানি জমে যায়। রোববার সকালে বাড়ির পাশে খেলছিলো সাকি ও সানজিদা। এক পর্যায়ে তারা ওই গর্তের পানিতে পড়ে তলিয়ে যায়।
দীর্ঘ সময় ধরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। উদ্ধার করে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে কৃষিজমি থেকে গভীর গর্ত করে মাটি কাটার পর এসব ভরাট করা হয় না। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
সন্তানদের এমন মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন হাবিবুর রহমান ও জাকির হোসেন। তারা শিশুদের মৃত্যু ঠেকাতে যারা জমির মাটি কেটে নিয়ে যায়, তাদের শাস্তির দাবি করেন।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, মাটি কাটার পর অবহেলার কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্থানীয় ছরোয়ার নামের এক ব্যক্তির মাটি কেটে এ গর্ত সৃষ্টি করেছে বলেও জানান তিনি।
তবে ছরোয়ারের দাবি, ‘আমি মাটির ব্যবসা ছেড়ে দিয়েছি। ওই জায়গা থেকে মাটি কাটায় জড়িত স্থানীয় পারভেজ, শুক্কুর ও মিটু।’ এ বিষয়ে তিনজনের কারও সঙ্গেই যোগাযোগ করা যায়নি।
ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ঘটনাটিকে খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে গভীর গর্ত করে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। তারা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়েছেন। যারা এভাবে ফসলি জমি নষ্ট করে মাটি কাটছে ও জননিরাপত্তা বিঘ্নিত করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- চট্টগ্রাম
- ফটিকছড়ি
- পানিতে ডুবে মৃত্যু
