বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন কাল, নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে
নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে। ছবি-সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১৩:৪৩
বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। আসনটিতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। মোট ১৫০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। নির্বাচনী সরঞ্জাম বুধবার সদর উপজেলা থেকে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া আসনটিতে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা (ধানের শীষ), শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির আল আমিন (ফুলকপি)।
আসনটিতে ১২ ফেব্রয়ারির নির্বাচনে মোট প্রদত্ত ৩ লাখ ২২ হাজার ২২৩ ভোটের মধ্যে তারেক রহমান পেয়েছিলেন ২ লাখ ১৬ হাজার ২৩৪ ভোট। জামায়াতের আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট। অন্য আর ৩ প্রার্থী হাজারের ঘর পার হতে পারেননি।
জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) জানায়, ১৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩টিকে অধিক গুরুত্বপূর্ন বা ঝুকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের চেয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ইতোমেধ্যে ৮ পাল্টুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনা ও র্যাবের টহল চলছে বেশ কয়েকদিন থেকে। এছাড়া স্টাইকিং ফোর্স থাকছে, ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন বিচারক নিয়োজিত করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা ফজলুল হক বলেন, সবধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মানুষ যাতে স্বাচ্ছন্দে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য প্রশাসন সার্বক্ষনিক সহায়তা করবে।
- বিষয় :
- উপনির্বাচন
