ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ব্রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের ‘প্রতারণার’ প্রতিবাদ

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ব্রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের ‘প্রতারণার’ প্রতিবাদ
×

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তপশিল স্থগিতের প্রতিবাদে বুধবার শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ২০:২২

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন নিয়ে প্রশাসনের ‘হঠকারিতা’ ও তপশিল স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখসহ তপশিল সচল করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়টি নানা অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে চলছে। এসব অনিয়ম রোধ এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে একটি কার্যকর ছাত্র সংসদ এখন সময়ের দাবি। ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এই দাবি আরও জোরালো হয়। কিন্তু প্রশাসনের রহস্যজনক নীরবতা ও টালবাহানা শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হলেও প্রশাসন নির্বাচন আয়োজনে সদিচ্ছা দেখাচ্ছে না; বরং নির্বাচন কমিশন গঠনে দেরি করা, হঠাৎ তপশিল স্থগিত এবং ভোটার তালিকা সংশোধনের নামে টালবাহানা করে নির্বাচন বানচালের চক্রান্ত করা হচ্ছে। ডোপ টেস্ট ও মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের অনেক অর্থ খরচ হয়েছে, অথচ হঠাৎ তপশিল স্থগিত করা শিক্ষার্থীদের সঙ্গে স্পষ্ট প্রতারণার শামিল।’

ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান প্রশাসনের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে ব্রাকসুর তপশিল চালু করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে এই প্রতারণার জবাব দেওয়া হবে।’ তিনি বিশ্ববিদ্যালয়ের সব সচেতন শিক্ষার্থীকে এই অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ব্রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল এবং আমরণ অনশনের মতো কর্মসূচি পালন করে আসছেন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে তপশিল ঘোষণা করা হলেও তা আকস্মিকভাবে স্থগিত করায় ক্যাম্পাসে নতুন করে অস্থিরতা বিরাজ করছে। 

অভিযোগ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, ব্রাকসু হতে দিচ্ছি না– সামাজিক মাধ্যমে এমন পোস্ট করে ট্রল করা হচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ করেছি, অন্য কোনো শিক্ষককে দায়িত্ব দিয়ে নির্বাচন করা হোক।

 

আরও পড়ুন

×