চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাদীকে আবারও জেরা
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ২০:২৯
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বাদী তাঁর বাবা জামাল উদ্দিনকে আবারও জেরা করা হয়েছে। বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আসামিদের পক্ষে আইনজীবীরা জামাল উদ্দিনকে জেরা করেন। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। এ সময় অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বাদীর আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আলিফ হত্যা মামলায় বুধবারও বাদীকে জেরা করা হয়েছে। ১১ আসামি ও পলাতক ১৪ আসামির পক্ষে তাঁকে জেরা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। তবে বুধবারের শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
২০২৪ সালের ২৬ নভেম্বর আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ২০২৫ সালের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে প্রধান আসামি করা হয় চিন্ময় দাসকে। ওই বছর ২৫ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।
- বিষয় :
- চট্টগ্রাম
- আইনজীবী আলিফ
- হত্যা মামলা
