পায়ুপথে বেরিয়ে এলো ২৪ প্যাকেট ইয়াবা বড়ি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০৭:৪৩
| প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় পেটের ভেতরে মাদক পাচারকালে আব্দুল হাকিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। পরে পুলিশের কৌশলে ওই মাদক কারবারির পায়ুপথে একের পর এক বেরিয়ে আসে স্কচটেপে মোড়ানো ২৪টি ইয়াবার প্যাকেট। যার প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ছিল।
গ্রেপ্তার আব্দুল হাকিম কক্সবাজারের টেকনাফ উপজেলার দেলার ২৪ নম্বর ক্যাম্পের মৃত আলী আকবরের ছেলে। তিনি টেকনাফ থেকে ইয়াবা কিনে অভিনব কায়দায় পেটে ঢুকিয়ে বিভিন্ন বাসে করে ঢাকা যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, মাদক পাচারকারী আব্দুল হাকিম (৪০) শনিবার ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার চক্ষু হাসপাতালের গলির মুখে মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। এ সময় পুলিশ সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে দেহ তল্লাশি করে। পরে তার পেটে চাপ দিলে সে পুলিশকে জানায়, তার পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা লুকায়িত আছে।
পরে তাকে একটি টয়লেটে নিয়ে গেলে নিজেই তার পায়ুপথে স্কচটেপ মোড়ানো ২৪টি গোলাকার প্যাকেটে এক হাজার ২০০ ইয়াবা বের করে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ আবুল বাশার জানান, গ্রেপ্তার মাদক কারবারি টেকনাফ থেকে ইয়াবা কিনে অভিনব কায়দায় তার পায়ুপথ দিয়ে পেটে ঢুকিয়ে অজ্ঞাতপরিচয় বিভিন্ন বাসে করে ঢাকা যাওয়ার চেষ্টা করছিল। কুমিল্লায় নেমে অন্য একটি বাসের জন্য অপেক্ষা করছিল। তাঁর বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- মাদক
