কিশোরগঞ্জে মানববন্ধনে বক্তারা
লোকসানে বন্ধ হচ্ছে লেয়ার মুরগির খামার
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রোববার দুপুরে মানববন্ধন হয়। ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৭:৫৯
কিশোরগঞ্জে আর্থিক ক্ষতির মুখে পড়ে বহু লেয়ার মুরগির (ডিম পারা মুরগি) খামার বন্ধ হয়ে গেছে। আরও বন্ধ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই খাতের ব্যবসায়ীরা। ইতোমধ্যে মধ্যে ৫৩ হাজার লেয়ার মুরগির একটি খামারও বন্ধ হয়ে গেছে।
রোববার এক মানববন্ধনে এমন মন্তব্য করেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের স্থানীয় নেতারা। এদিকে জেলায় প্রায় ১০ ভাগ লেয়ার মুরগির খামার বন্ধ হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।
এদিন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে দেওয়া বক্তব্যে ব্যবসায়ী নেতারা বলেন, ডলারের অজুহাতে পোল্ট্রি ফিড ও ওষুধের দাম বারবার বাড়ানো হচ্ছে। জ্বালানি সঙ্কটও বেড়েছে। ফলে ডিমের উৎপাদন খরচও বাড়ছে। বর্তমানে একটি ডিম উৎপাদনে তাদের খরচ হয় ৯-১০ টাকা। কিন্তু বিক্রি করতে হয় সাড়ে ছয় থেকে সাত টাকায়। তাঁরা অবিলম্বে পোল্ট্রি ফিড ও ওষুধের দাম কমানোর দাবি জানিয়েছেন।
সদর উপজেলার রশিদাবাদ এলাকার খামারি অ্যাডভোকেট মো. শাহজাহান জানিয়েছেন, নিজ এলাকায় তাঁর ৫৩ হাজার লেয়ার মুরগির একটি বিশাল খামার ছিল। ক্রমাগত লোকসান গুনতে গুনতে তিনি খামারটি দুই বছর আগে বন্ধ করে দিয়েছেন। সব মিলিয়ে তাঁর প্রায় ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে।
মানববন্ধনের আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সাদিকুর রহমান, সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ। পর সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।
এদিকে রোববার শহরে খোঁজ নিয়ে ডিমের দাম বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। স্টেশন রোডের নিয়ামত স্টোরের মালিক মিজানুর রহমান শাহীন জানিয়েছেন, অনেক দিন ধরেই ডিমের দাম হালিপ্রতি ছিল ৩৫-৩৬ টাকা। শনিবারও ৩৬ টাকা হালি বিক্রি করেছেন। তবে রোববার পাইকারি দাম বেড়েছে। যে কারণে ৪০ টাকা হালি ডিম বিক্রি করেছেন।
কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল মান্নানের দেওয়া তথ্যমতে, জেলায় লেয়ার মুরগির খামার আছে এক হাজার ৫২৮টি। এর মধ্যে নিবন্ধিত খামার ১৩৮টি, অনিবন্ধিত খামার এক হাজার ৩৯০টি। তবে এর মধ্যে প্রায় ১০ ভাগ বন্ধ হয়ে গেছে বলেও স্বীকার করেন তিনি।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- পোলট্রি খামার
- পোলট্রি শিল্প
