ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি ৮ সংগঠনের

কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি ৮ সংগঠনের
×

কর্ণফুলী নদীর সব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন। গতকাল রোববার চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার ফেরিঘাট এলাকায়। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ০৮:২৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ১২:০৬

কর্ণফুলী নদীর সব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে আটটি সামাজিক সংগঠন। গতকাল রোববার নগরের ফিরিঙ্গি বাজার ফেরিঘাটে কর্ণফুলীর তীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন আয়োজনকারী সংগঠনগুলো হচ্ছে– চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ ফোরাম, সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক, সিকদার ফাউন্ডেশন ও কর্ণফুলী নদী হস্তচালিত বড় সাম্পান মাঝি শ্রমিক ইউনিয়ন।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, ‘যে নদী দেশ চালায় তার শরীরে এত ক্ষত মেনে নেওয়া যায় না। চট্টগ্রামের সংসদ সদস্যরা এ নিয়ে জোরালো কণ্ঠে কথা বলুন, সরকারকে বাধ্য করুন কর্ণফুলী দখল-দূষণমুক্ত করতে। অন্যথায় জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।’

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ বলেন, নদী বহমান থাকলে চট্টগ্রাম বন্দর চলে। দেশের অর্থনীতি সচল রাখে যে নদী, তা রক্ষা করতে আমাদের আন্দোলন করতে হবে কেন। এখানে হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী রক্ষায় কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান বলেন, এ পর্যন্ত দোকানদারদের ছয়টা মামলায় নদী আন্দোলনকারীরা বিজয়ী হয়েছে। প্রতিবার হাইকোর্ট থেকে নির্দেশনা আসার পরে জেলা প্রশাসন বিভিন্ন টালবাহানা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিশ্চিত করে না। যে কারণে দখলদাররা নতুন করে মামলা করার সুযোগ পায়। বাড়তে থাকে অবৈধ স্থাপনাও।

পরিবেশ কর্মী দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় সমাবেশে  আরও বক্তব্য দেন কর্ণফুলী নদী সন্তান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সহসভাপতি জাফর আহমেদ, কর্ণফুলী হস্তচালিত বড় সাম্পান মাঝি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আলতাফ মিয়া প্রমুখ।

আরও পড়ুন

×