বিআরটি প্রকল্পের কাজ শেষ করার দাবিতে সড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মহানগরের বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তারা এ কর্মসূচি পালন করেন। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মহানগরের গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের নেতৃত্বে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্পের কাজ চলছে। এখনও শেষ হয়নি। এতে বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছেন মানুষজন। তারা বলেন, ওভারব্রিজ বা আন্ডারপাস না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা। বিগত সরকারের আমলে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিআরটি প্রকল্পটি বারবার পিছিয়ে পড়ে বলেও অভিযোগ করেন তারা।
তাকওয়া পরিবহন বন্ধের দাবি
‘মরণযান’ হিসেবে পরিচিতি পাওয়া তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নিরাপদ সড়ক আন্দোলন ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সকালে চান্দনা চৌরাস্তা মোড়ে জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে বিক্ষোভ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, তাকওয়া পরিবহন একটি প্রাণঘাতী পরিবহনে পরিণত হয়েছে। মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানান বক্তারা। পরে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
- বিষয় :
- বিআরটি
