ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ০০:৪৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটির বয়স ৭ মাস। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল বেলা ১১টা ৫৯ মিনিটে শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়া ও হার্ট ফেইলিয়রের পাশাপাশি সন্দেহভাজন হামের জটিলতা নিয়ে শিশুটি ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মারা যায়।

হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম বা এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩২ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন। বর্তমানে হাসপাতালের হাম ইউনিটে মোট ৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু করে ১৪ এপ্রিল পর্যন্ত মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭০ জন। তবে গত এক মাসেরও কম সময়ে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

হাম ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ভর্তি থাকা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তবে শিশুদের ক্ষেত্রে হাম পরবর্তী নিউমোনিয়া বা অন্যান্য জটিলতা জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলছে। এজন্য আক্রান্ত হওয়ার প্রাথমিক পর্যায়েই শিশুদের হাসপাতালে আনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

×