ছাবু মিয়া-আয়েশার ঘরে নতুন অতিথি
হবিগঞ্জের সাবু মিয়া ও আয়েশা খাতুন দম্পতির ঘর আলোকিত করে এসেছে ফুটফুটে শিশু
রাসেল চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৭:০৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ | ১৭:০৩
নববর্ষের প্রথম দিন চারদিকে যখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল, তখন ছাবু মিয়া ও আয়েশা খাতুন দম্পতির কোলজুড়ে এসেছে নতুন অতিথি।
মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে জন্ম হয় শিশুটির। কন্যা শিশুটি তাদের তৃতীয় সন্তান।
এ দম্পতি হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর (রায়ধর) গ্রামের বাসিন্দা। তারা জানান, তাদের ৩ সন্তানের মধ্যে আরো এক ছেলে এবং এক কন্যা রয়েছে। তারা চান নববর্ষে জন্ম নেওয়া শিশু যেন মানুষের মতো মানুষ হয়।
ছাবু মিয়া জানান, স্ত্রীকে প্রথম থেকেই ডা. শামীমা রহমানের তত্বাবধানে রাখেন। আল্ট্রা’র তারিখ অনুযায়ী ১৯ এপ্রিল শিশু জন্ম নেওয়ার কথা ছিল। তবে ১৪ এপ্রিল ভোরেই তার ব্যথা শুরু হয়। সিএনজি করে সকাল ৭ টার দিকে হাসপাতালে পৌঁছেন। সাড়ে ৮টার দিকে ৩য় সন্তানের জন্ম হয়।
নাম রাখা নিয়ে তিনি বলেন, 'আমার অন্য দুই সন্তানের নামের সাথে মিল রেখে কন্যার নাম রাখবো। নামটি এখনো নির্ধারণ করনি।'
আয়েশা আক্তার বলেন, 'আমার কন্যা সন্তানের স্বপ্ন ছিল। এখন তারা দুই বোন ও এক ভাই। এতে আমি অনেক খুশি।'
শিশুর দাদি জমিলা খাতুন বলেন, নতুন বছরে আমার নাতনির জন্ম হয়েছে। আমার আরো দুজন নাতি-নাতনি রয়েছে। এখন তারা ৩ জন।
নানা আব্দুল হান্নান বলেন, ‘সবার আগে নাতনির সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন।'
হাসপাতালের সিনিয়র নার্স প্রীতি আচার্য্য বলেন, ‘মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। আমরা সকাল থেকেই তাদের সেবায় নিয়োজিত আছি।'
- বিষয় :
- প্রজন্মবরন ১৪৩৩
- বৈশাখী উৎসব
- হবিগঞ্জ
