ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নান্দাইলে সড়কের পাশে পড়েছিল খালি কফিন

নান্দাইলে সড়কের পাশে পড়েছিল খালি কফিন
×

সড়কের পাশে পড়েছিল খালি কফিন। ছবি-সমকাল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ১৪:০৭

ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে একটি খালি কফিন পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোরে নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়কের মিশ্রিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছুটা উত্তরে কফিনটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, বুধবার রাতে অজ্ঞাত কেউ বা কারা কফিনটি সেখানে ফেলে রেখে যায়। সকাল থেকে কৌতূহলী জনতা ভিড় জমায় ঘটনাস্থলে। পথচারী ও যানবাহনের যাত্রীরাও থেমে কফিনটি দেখছেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভাঙা কফিনের ঢাকনাটি পাশে খোলা অবস্থায় পড়ে রয়েছে। কফিনের ভেতরে সাদা ও কালো রঙের লম্বা পলিথিন পাওয়া গেছে। এছাড়া ছেঁড়া একটি লেবেলের অংশে ইংরেজিতে ‘Mask Cargo’ এবং নিচে ‘Malaysian Airlines’ লেখা দেখা যায়। পাশেই ‘DAC-1’ এবং ‘HWBWB’ লেখা চিহ্নও পাওয়া গেছে।

কফিনটি যেখানে পড়ে রয়েছে, তার বিপরীতে বসবাস করেন স্থানীয় বাসিন্দা আবুল। তিনি জানান, বুধবার রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় সেখানে কোনো কফিন দেখেননি। ভোরে ঘুম থেকে উঠে বাইরে এসে কফিনটি দেখতে পান।

এলাকাবাসীর ধারণা, কফিনের ভেতরে থাকা মরদেহ অন্য কোথাও সরিয়ে নিয়ে গিয়ে খালি কফিনটি এখানে ফেলে দেওয়া হয়েছে।

প্রতিবেশী গৃহবধূ লামিয়া বলেন, রাতে বিদ্যুৎ না থাকায় জানালা খুলে বসে ছিলেন। এ সময় তিনি একটি অ্যাম্বুল্যান্সকে হেডলাইট বন্ধ ও পেছনের লাইট জ্বালানো অবস্থায় ঘটনাস্থলে থামতে দেখেন। পরে গাড়ি থেকে কিছু একটি নামিয়ে দ্রুত চলে যায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

×