ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
×

গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ০৭:২৩

| প্রিন্ট সংস্করণ

সাঁওতালদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একই দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সকাল থেকেই কয়েকটি বাসযোগে সাঁওতাল নারী-পুরুষ গাইবান্ধা শহরে আসেন। তারা শহরের সুখনগর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা তীর-ধনুক, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে স্লোগান দিতে দিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। কার্যালয়ের মূল ফটকের সামনে দেড় শতাধিক সাঁওতাল অবস্থান  নেন।
পুলিশ সুপারের আশ্বাসের পর তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন এবং একটি স্মারকলিপি জমা দেন। দুপুর ১২টা থেকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা এ কর্মসূচি চলে। পরে তারা বিক্ষোভ মিছিলসহ গোবিন্দগঞ্জে ফিরে যান।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক রাফায়েল হাসদা, যুগ্ম সাধারণ সম্পাদক বিটিশ সরেন, সদস্য অঞ্জলি মুরমু প্রমুখ। এছাড়া গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু, সদর উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী সাইদা, সুইট, ফিরোজ, কাজি খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ১২ এপ্রিল সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির একাংশের নেতা স্বপন শেখ, সাবু মিয়া ও জাফরুলের নেতৃত্বে এই হামলা করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 
হামলার অভিযোগ অস্বীকার করে সাবু মিয়া বলেন, ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সাঁওতালদের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

×