ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তাপদাহে ঝরছে লিচুর গুটি

তাপদাহে ঝরছে লিচুর গুটি
×

ঈশ্বরদীর বোম্বাই লিচুর গাছের গুটি তাপদাহে ঝরে পড়ছে সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৮:১৬

| প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদীতে টানা তাপদাহ ও খরার কারণে গাছ থেকে ঝরে পড়ছে লিচুর গুটি। এতে চলতি মৌসুমে লিচুর ভালো ফলনের যে আশা করা হয়েছিল, তা ক্রমেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, আর এক সপ্তাহ তাপপ্রবাহ অব্যাহত থাকলে এ অঞ্চলে লিচুর উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
দেশি লিচুর মধ্যে জনপ্রিয় মোজাফফরি ও বোম্বাই জাতের লিচুর গুটি প্রতিদিনই ঝরে পড়ছে। দেশের অন্যতম লিচু উৎপাদন এলাকা ঈশ্বরদীর বিভিন্ন গ্রামে এ বছর প্রতিটি গাছেই রেকর্ড পরিমাণ মুকুল এসেছিল। পরে সেগুলো গুটিতে পরিণত হয়ে গাছ সবুজ কড়ি লিচুতে ভরে উঠেছিল। এতে কৃষকরা ভালো ফলনের আশা করেছিলেন।

মিরকামারী গ্রামের লিচু চাষি আমিরুল সরদার বলেন, ‘গাছে প্রচুর মুকুল আসায় ভালো আয়ের আশা ছিল। কিন্তু খরায় গুটি ঝরে পড়ায় এখন দুশ্চিন্তায় আছি।’
বড় লিচু চাষি আব্দুল জলিল কিতাব মণ্ডল (লিচু কিতাব) জানান, ‘খরার কারণে কিছু গুটি ঝরে গেলেও এখনও ভালো উৎপাদনের আশা করছি। প্রায় ৫০ লাখ টাকার লিচু বিক্রির লক্ষ্য রয়েছে।’
মিরকামারী, মানিকনগর, বক্তারপুর, জগন্নাথপুর, বাঁশেরবাদা, জয়নগর, সাহাপুর ও আশপাশের এলাকায় সারি সারি লিচুর বাগানে এখনও সবুজ গুটির সমারোহ দেখা গেলেও তাপদাহের প্রভাব স্পষ্ট। পুরস্কারপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ বলেন, ‘গাছে লিচুর পরিমাণ বেশি হলেও খরতাপে গুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল থেকে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মোমিন জানান, এ বছর ঈশ্বরদীতে ৩১শ হেক্টরের 
বেশি জমিতে লিচুর আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় শুরুতে ভালো মুকুল এলেও বর্তমান তাপপ্রবাহ লিচুর গুটি ঝরে পড়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রত্যাশিত ফলন না হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।
 

আরও পড়ুন

×