ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওয়াসার প্রকল্পে শ্রমিকের মৃত্যু, চমেক হাসপাতাল ভাঙচুরে আটক ৬ শ্রমিক

ওয়াসার প্রকল্পে শ্রমিকের মৃত্যু, চমেক হাসপাতাল ভাঙচুরে আটক ৬ শ্রমিক
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৫:৩২

চট্টগ্রাম ওয়াসার এক প্রকল্পের কাজ করার সময় দেওয়াল ও মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
 
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, চমেক হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ অ্যকসেস রোড এলাকায় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। এসময় আরও দুই শ্রমিক আহত হন। হতাহতদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ওয়াসার প্রকল্পে দুর্ঘটনার পর আহতদের নিয়ে শ্রমিকরা হাসপাতালে আসে। এসময় তাদের সঙ্গে ওই প্রকল্পের ঠিকাদারের লোকজনের বচসা হয়। বচসার এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হলে হাসপাতালের জরুরি বিভাগের সামনের কাচ ভেঙে যায়। এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

আরও পড়ুন

×