রাঙামাটিতে ৩৩ কি.মি খাল খনন শুরু
রাঙামাটি সদরের ত্রিপুরাছড়া থেকে দ্বিমুখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খননের কাজ বৃহস্পতিবার শুরু হয়েছে। এতে শত শত গ্রামবাসী অংশ নিচ্ছেন। ছবি : সমকাল
রাঙামাটি অফিস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৮:৪১
শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় রাঙামাটির কাপ্তাই হ্রদ। শুকিয়ে যায় হ্রদসংলগ্ন এলাকার সব খাল। ফলে নৌযানে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের শিকার হতে হয় হাজার হাজার মানুষকে। তাদের এই দুর্ভোগ নিরসনে রাঙামাটি সদরের চারটি ইউনিয়নে খাল খনন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার ৩৩ কিলোমিটার খাল খনন শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের দ্বিমুখ্যাছড়ার বাসিন্দা শুভলক্ষী চাকমা ও লিপি চাকমা এবং ত্রিপুরাছড়ার বিমল বিকাশ চাকমার ভাষ্য, প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই কাপ্তাই হ্রদের পানি কমে যায়। এ সময় বালুখালী, সাপছড়ি, বন্দুকভাঙ্গা ও কুতুকছড়ি ইউনিয়ন এলাকার খালগুলো শুকিয়ে যায়। ফলে নৌপথে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। এমনকি বাগানে উৎপাদিত পণ্য পরিবহনকারী ইঞ্জিনচালিত নৌকাও নাব্য সংকটের কারণে আটকে পড়ে। কেউ অসুস্থ হলেও চার-পাঁচজনের কাঁধে করে শহরের হাসপাতালে নিতে হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় ত্রিপুরাছড়া থেকে দ্বিমুখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খননের কাজ উদ্বোধন করেন বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান অমর চাকমা। এ সময় উপস্থিত ছিলেন বালুখালী ইউপির প্রশাসনিক কর্মকর্তা ড্যানিস চাকমা, বন্দুকভাঙ্গা ইউপির সদস্য রিপন চাকমা, চিত্তরঞ্জন চাকমা, পূর্ণচক্র চাকমা, অঞ্জুমণি চাকমা প্রমুখ।
বালুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা ড্যানিস চাকমা জানান, এলাকাবাসীর দুর্ভোগ নিরসনের জন্য খাল খনন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়য়ের সহায়তায় চার ইউনিয়নে ৩৩ কিলোমিটার খাল খনন করা হবে। এতে হয়েছে ৮ কোটি ৪০ লাখ টাকা। এই খালগুলো খনন করা হলে কয়েক হাজার মানুষের ভোগান্তির সমাপ্তি হবে বলে তিনি আশাবাদী।
বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য বন্দুকভাঙ্গার ত্রিপুরাছড়া হতে দ্বিমুখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খনন করা হবে। ৪০ দিনের কর্মসূচিতে দিনে ৬০০ গ্রামবাসী শ্রমিক হিসেবে কাজ করবেন। এ ইউনিয়নের সব খাল সরকারিভাবে খননের আহ্বান জানান তিনি।
- বিষয় :
- রাঙামাটি
- কাপ্তাই হ্রদ
- খাল খনন কর্মসূচি
