ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু

কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু
×

ছবি: সমকাল

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ২১:১১

রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। শুক্রবার রাতে শুরু হয়েছে এই নিষেধাজ্ঞা।

জেলা প্রশাসন সূত্র জানায়, হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন বংশ বৃদ্ধি, মজুত এবং ভারসাম্য রক্ষায় সব ধরনের মাছ শিকার, শুকানো, পরিবহন, বাজারজাতকরণের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক আদেশে বলা হয়, ২০ এপ্রিল অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত পুরো কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার, শুকানো, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তাই শুক্রবার রাত ১২টার পর থেকে মৎস্য আহরণ বন্ধ থাকবে। শনিবার বিকেল ৪টার মধ্যে মৎস্য পরিবহন সম্পন্ন ও হ্রদে মাছ শুকানোর কাজ অবশ্যই সম্পন্ন করতে হবে।

তাছাড়াও মৎস্য আহরণ নিষিদ্ধকালে রাঙামাটি পার্বত্য জেলার সীমানার মধ্যে থাকা বরফকল বন্ধ থাকবে। পাশাপাশি নির্ধারিত অভয়াশ্রমগুলোতেও মাছ শিকার আগের মতো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে জানানো হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি কার্যালয় সূত্র জানায়, ইতোমধ্যে হ্রদে মাছ শিকার বন্ধে মাইকিং, লিফলেট বিতরণসহ নানা মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তাছাড়া কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল প্রায় সাড়ে ২৬ হাজার জেলে পরিবারের জন্য মে ও জুন মাসের জন্য ভিজিএফের চাল বরাদ্দ হয়েছে। প্রতি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।

একই সূত্র জানিয়েছে, চলতি বছর বিএফডিসি মৎস্য ঘাটে প্রায় ৯ হাজার ৫০০ টন মাছ অবতরণ করেছে। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা। গত বছর হ্রদে ৬০ দশমিক ৫৯ টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চলতি বছর আরও বেশি পোনা অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিএফডিসি রাঙামাটি বিপণন কেন্দ্রের উপব্যবস্থাপক মো. মাসুদ আলম সমকালকে বলেন, শুক্রবার মধ্যরাত ১২টা থেকে কাপ্তাই হ্রদে সব প্রকার মাছ শিকার বন্ধ হয়েছে। এই সময়ে হ্রদে মাছ শিকার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি বন্ধ থাকবে স্থানীয় সব বরফকল।

আরও পড়ুন

×