ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জলাবদ্ধতায় মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন সিডিএ চেয়ারম্যান

জলাবদ্ধতায় মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন সিডিএ চেয়ারম্যান
×

ছবি-সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ মে ২০২৬ | ১১:৩৪ | আপডেট: ০১ মে ২০২৬ | ১৩:২৩

চট্টগ্রামে সাম্প্রতিক জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম । তিনি বলেছেন, খাল উন্নয়ন কাজ চলমান থাকায় কিছুটা দুর্ভোগ তৈরি হয়েছে, তবে কাজ শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে।

বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বলেন, মানুষের অপারেশনের সময় যেমন কিছু রক্তপাত হয়, তেমনি উন্নয়ন কাজ করতে গিয়ে  মানুষের অনেক কষ্ট পোহাতে হয়েছে। তবুও এই ভোগান্তির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং মানুষের সমালোচনা গ্রহণ করছি। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি মানুষের নিন্দাটা গ্রহণ করে নিলাম।

তিনি বলেন, খাল উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছিল, যা এখন সেনাবাহিনী অপসারণ করছে। অতিরিক্ত বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করেছে। ২৪ ঘণ্টায় ৩৮০ মিলিমিটার বৃষ্টি হলেও কাজ সম্পন্ন হলে এই দুর্ভোগ থাকবে না।

সিডিএ চেয়ারম্যান জানান, প্রকল্প বাস্তবায়নে ডিজাইনে কিছু সংশোধন করতে হয়েছে। খালের ওপর গড়ে ওঠা বড় বড় স্থাপনা অপসারণ, এবং অন্যান্য বাধা অতিক্রম করে সেনাবাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।

প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চট্টগ্রামে কখনোই পুরোপুরি জলজট থাকবে না—এ কথা বলা যাবে না। তবে গতবারের তুলনায় এবারের বর্ষায় পরিস্থিতি ভালো থাকবে, আর আগামী বছরে আরও উন্নতি হবে বলে আমরা আশা করছি।

তিনি আরও জানান, মূলত ১৫ মে এর মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা ছিল, কিন্তু বিভিন্ন জটিলতায় তা কিছুটা বিলম্বিত হচ্ছে। তবুও দ্রুত কাজ শেষ করে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে স্বস্তি দেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×