ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ২

সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ২
×

প্রতীকী ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬ | ১৭:৫৩

চট্টগ্রাম সীতাকুণ্ডের মাজার গেট এলাকায় একটি স্ক্র্যাপ লোহার দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মো. আরমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকেল দুইটার দিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতরা হলেন- দোকানের মালিক কামাল উদ্দিন ও কর্মচারী হেলাল উদ্দিন। তাদের মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

নিহত আরমান নোয়াখালী জেলার রামগঞ্জ থানার বাচ্চু মিয়ার ছেলে বলে তার পরিবারের সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুমিরা মাজার গেট এলাকায় অবস্থিত কামাল এন্টারপ্রাইজ নামে একটি লোহা স্ক্র্যাপ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে। উপকূলে অবস্থিত বিভিন্ন শিপব্রেকিং ইয়ার্ড থেকে স্ক্র্যাপ লোহার মালামাল কিনে সেখানে কাটিং করে তা বিক্রি করা হয়।

শনিবার দুপুরে ওই স্ক্র্যাপ লোহা কাটার জন্য ট্রাকে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা হয়েছিল। গাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডারগুলো নামানোর পর দোকানে নিয়ে গেলে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী আরমান মারা যান। আহত হন দোকানের মালিক কামাল উদ্দিন ও শ্রমিক হেলাল উদ্দিন।

নিহত আরমানের মামা মো. স্বপন দৈনিক সমকালকে জানান, দীর্ঘ দেড় বছর ধরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে আসছিলেন। শনিবার বেলা দুইটার দিকে দোকানে অক্সিজেন সরবরাহ করার পর তা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আরমানের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে বলে জানান তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দোকানের মালিক ও অপর এক শ্রমিক আহত হয়েছেন। নিহতের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন

×