অবৈধ দোকান নিয়ে তর্কাতর্কি, বিএনপি নেতাকে ছুরিকাঘাত
প্রতীকী ছবি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০০:২০
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেনকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় অবৈধ দোকানের জায়গা বৃদ্ধি করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন তার বন্ধুদের নিয়ে সান্তাহার রেলওয়ে সুইচ কেবিনের পাশে বসেছিলেন। এ সময় রেলগেটের পুরোনো নর্থ কেবিনের পশ্চিম পাশের একটি অবৈধ দোকানের জায়গা বৃদ্ধি করাকে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ইকবাল হোসেন সেখানে যান। সেখানে ওই যুবকদের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে এক সন্ত্রাসী ইকবালের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
সান্তাহার পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক গুড্ডু এহসান জানান, ইকবাল হোসেন বর্তমানে আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার পেটে ১২টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় সান্তাহার পৌরসভা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা করতে চাইলে তা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
