চট্টগ্রাম আইনজীবী সমিতি
বিএনপির বাধায় ফরম নিতে পারেননি আওয়ামীপন্থিরা
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৯:২৯
বিএনপি সমর্থক আইনজীবীদের বাধায় এবারও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফরম নিতে পারেননি আওয়ামীপন্থি আইনজীবীরা। তারা ফরম নিতে গেলে অস্থায়ী নির্বাচন কমিশনের কার্যালয়ের মুখে শতাধিক আইনজীবী দরজা অবরোধ করে দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। আওয়ামীপন্থি আইনজীবীরা ফরম নিতে ভেতরে ঢুকতে চাইলে তাদের নির্বাচন কমিশন কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয়।
এর আগে নির্বাচন উপলক্ষে এবারই প্রথম মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে মাত্র দুই ঘণ্টা সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী তপশিল অনুযায়ী, সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। একই সময়ের মধ্যে তা পূরণ করে জমাও দিতে হবে। ৫ মে মনোনয়নপত্র বাছাই, ৬ মে আপত্তি শুনানি, ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।
এ প্রসঙ্গে আইনজীবী সমিতির গঠন করা নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন বলেন, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। অতীতেও এই রকম সময় দেওয়া হয়েছিল। আমাদের ৭২ ঘণ্টার মধ্যে প্রার্থীর সব প্রক্রিয়া শেষ করতে হয়। যারা ফরম নিতে এসেছেন, সবার কাছে ফরম বিক্রি করেছি। কেউ নিতে পারেননি– সে রকম লিখিত অভিযোগ পাইনি।
আওয়ামীপন্থি চট্টগ্রাম আইনজীবী সমিতির তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদের পক্ষে রশিদ-জাবেদ-মাহতাব পরিষদের হয়ে আমরা একটি প্যানেলের ফরম নিতে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে যাই। কিন্তু কার্যালয়ের প্রবেশমুখ ও ভেতরে অনেক আইনজীবী ব্যারিকেড সৃষ্টি করে আমাদের ফরম নিতে বাধা দেন। তারা দরজার মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। আমাদের ঢুকতে বাধা দেন। আমরা সেখানে কয়েক ঘণ্টা অবস্থান করেও ফরম নিতে পারিনি। নির্বাচন কমিশন ও সমিতির নেতারা বারের গঠনতন্ত্র লঙ্ঘন করে এসব অগণতান্ত্রিক কাজ করেছেন। আইনজীবী সমিতির ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায় রচনা করলেন তারা।
এর আগে ২০২৫ সালের নির্বাচনেও নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশে আওয়ামীপন্থি আইনজীবীদের ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
