উচ্ছেদ অভিযানে ২ কর্মচারীর ওপর হকারদের হামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৮:০৪
| প্রিন্ট সংস্করণ
রুহুল আমিন ও জাহাঙ্গীর নামে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কর্মচারীকে পিটিয়ে আহত করেছে হকাররা। গতকাল সোমবার বিকেলে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে হকারদের উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বেলাল আইটির মালিক বেলাল আহমেদ জানান, হকাররা বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ফুটপাতে বসতে সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। দাবি অনুযায়ী বিকেল ৫টায় তারা নিজেরাই বসা শুরু করেন। অন্যদিকে সিটি করপোরেশন তাদের ফুটপাতে বসতে না দিতে প্রতিদিনের মতো সোমবার বিকেলেও ফুটপাতমুক্ত করতে অভিযান চালায়। উচ্ছেদকারী টিমের সদস্যরা চাষাঢ়ায় লুৎফা টাওয়ারের সামনে গেলে হকাররা ঐক্যবদ্ধ হয়ে হামলা চালান। তারা সিটি করপোরেশনের দুই কর্মচারী রুহুল আমিন ও জাহাঙ্গীরকে মারধর করেন। তাদের জামা-কাপড় ছিঁড়ে ফেলেন। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সিটি করপোরেশনের কর্মচারীদের ওপর হকারদের হামলা ও মারধরের ঘটনা দুঃখজনক। নারায়ণগঞ্জবাসীর চলাচলের স্বার্থে ফুটপাতের হকারদের উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, ‘হকারদের বলেছি, নগরীর নির্দিষ্ট কোনো জায়গায় পুনর্বাসন করা হবে। এখন তাদের যদি ধৈর্য না থাকে, তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ফুটপাত ও রাস্তা দখল করে বসা হকারদের উচ্ছেদ শুরু করে। সে সময় সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান ঘোষণা করেন হকাররা রাস্তায় বসতে পারবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।
- বিষয় :
- উচ্ছেদ অভিযান
