ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকায় অপহরণের পর কলেজ ছাত্রকে হত্যা, মাধবপুর থেকে মরদেহ উদ্ধার

ঢাকায় অপহরণের পর কলেজ ছাত্রকে হত্যা, মাধবপুর থেকে মরদেহ উদ্ধার
×

ফাইল ছবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৭:০৪ | আপডেট: ০৫ মে ২০২৬ | ১৭:৩১

ঢাকায় অপহরণের পর মো. ফরহাদ হোসেন মাহির (২৩) নামে এক কলেজ ছাত্রের অর্ধগলিত মরদেহ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ ঢাকার উত্তরখান থানার চাঁনপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ফরহাদকে অপহরণ করে। পরে তাকে রাজধানীর বাড্ডা থানার আফতাবনগরের একটি নির্জন স্থানে নিয়ে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।  

ঘটনার পর নিখোঁজ ফরহাদকে খুঁজে না পেয়ে তার পরিবার বাড্ডা থানায় একটি মামলা দায়ের করে। তদন্তের অংশ হিসেবে পুলিশ মৃদুল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×