ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এনসিপির চমকের নাম কি সেই মনজুর আলম

এনসিপির চমকের নাম  কি সেই মনজুর আলম
×

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম

 চট্টগ্রাম ব্যুরো 

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০৮:৪০ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১২:১৭

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে বড় পরিসরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যাতে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির বড় নেতারা। 

যোগদান ঘিরে ফের আলোচনায় চট্টগ্রামের ‘রহস্যময় ব্যক্তি’ হিসেবে পরিচিত সাবেক মেয়র এম মনজুর আলম। এনসিপি ঘিরে তাঁকে নিয়ে বেশ কিছু দিন ধরে কথাবার্তা চলছে। গত পহেলা বৈশাখ হাসনাত আবদুল্লাহ তাঁর চট্টগ্রামের বাসায় গেলে আলোচনার আরও ডালপালা মেলে! 

সংশ্লিষ্ট সূত্র বলছে, আওয়ামী লীগ ও বিএনপির পর এবার মনজুর আলমের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় এনসিপি। এমনকি আসছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাঁকে প্রার্থীও করতে চায় দলটি।

আগামীকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান হলে চট্টগ্রাম মহানগর এনসিপির উদ্যোগে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এনসিপির একটি সূত্র জানিয়েছেন, এদিন চট্টগ্রামের বিভিন্ন দলের বেশ কয়েকজন রাজনীতিবিদ যোগ দেবেন এনসিপিতে। এমনকি মনজুর আলমকেও যোগদান অনুষ্ঠানে আনতে দলটির শীর্ষ পর্যায় থেকে যোগাযোগ রাখা হচ্ছে। সেদিনের জন্য এটিকে চমক হিসেবেই রাখতে চান তারা। 
এনসিপি চট্টগ্রাম মহানগর মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় গতকাল সন্ধ্যায় সমকালকে বলেন, ‘মনজুর আলমের সঙ্গে এনসিপির একটি ভালো সম্পর্ক রয়েছে। তাঁকে দলে আনা নিয়ে কথাবার্তা হচ্ছে। এজন্য তাঁর সঙ্গে আমাদের দলের শীর্ষ নেতাদের যোগাযোগ রয়েছে। এমনকি চট্টগ্রামের যোগদান অনুষ্ঠানে তাঁকে উপস্থিত করার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তবে এখনই বিষয়টি নিশ্চিত করতে চাই না। এটাকে আমরা চমক হিসেবে রাখতে চাই।’

এর পরই মনজুর আলমের সঙ্গে যোগাযোগ করে সমকাল। তিনি বলেন, ‘আমার বয়স হয়েছে, শরীরও ভালো যাচ্ছে না। তাই নতুন করে আর কোনো রাজনীতিতে জড়াতে চাই না।’ এনসিপির তরফে যোগাযোগ রাখা হচ্ছে বলে দাবি করা হলেও মনজুর আলম বলেন, ‘বিষয়টি সত্য নয়। দলটির কারও সঙ্গে আমার যোগাযোগ নেই। তাদের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি।’ এনসিপির যোগদান অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মনে হয় না।
এনসিপি থেকে জানানো হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন। তবে কারা যোগ দিচ্ছেন তা আপাতত গোপন রাখতে চাইছে দলটি।
জানতে চাইলে রিদুয়ান হৃদয় আরও বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল মানুষ এনসিপিতে যোগ দেবেন। এটা বলতে পারি বিএনপির অঙ্গসংগঠন, স্বেচ্ছাসেবক দল, এলডিপি ও গণসংহতি আন্দোলনের অনেক নেতাকর্মী এনসিপিতে আসছেন। এ নিয়ে স্বাভাবিকভাবে দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত।’

আরও পড়ুন

×