রাঙামাটিতে প্রতিমন্ত্রীর ঘোষণা
কৃষক কার্ড পাবেন কাপ্তাই হ্রদের ২৭ হাজার জেলে
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি কার্যালয় ঘাটে বুধবার পোনা অবমুক্ত করছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সমকাল
রাঙামাটি অফিস
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৮:০৭
রাঙামাটির কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষক কার্ডের আওতায় আনা হবে। বুধবার এমন ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
কাপ্তাই হ্রদে কার্পজাতীয় পোনা অবমুক্তকরণ ও নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশষ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই তথ্য জানান তিনি।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি কার্যালয় ঘাটে আয়োজিত কর্মসূচিতে প্রতিমন্ত্রী আরও বলেন, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ ও মাছের বৃদ্ধির জন্য প্রতিবছর নির্দিষ্ট সময় মাছ শিকার বন্ধ রাখা হবে। এই সময়টাতে সরকারের পক্ষ থেকে জেলেদের খাদ্যশস্য উপহার দেওয়া হবে।
শিকারনিষিদ্ধ সময়ে যাতে কোনো প্রকার মাছ শিকার করা না হয় সেজন্য সচেতন থাকতে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে পরবর্তী সময়ে অধিক মাছ পাওয়া যাবে। ফলে মৎস্যজীবীরা বেশি মাছ আহরণ করতে পারবেন।
প্রতিমন্ত্রী এ সময় কাপ্তাই হ্রদে ৬০ মেট্রিক টন কার্পজাতীয় পোনা মাছের অবমুক্তকরণের উদ্বোধন করেন। পাশাপাশি ভিজিএফ কার্ড বিতরণ শুরু করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাঙামাটি সেক্টরের কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, রাঙামাটির পুলিশ সুপার মো. রকিব উদ্দীন, রাঙামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন প্রমুখ।
- বিষয় :
- রাঙামাটি
- কাপ্তাই হ্রদ
- কৃষক কার্ড
