ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে চাপা পড়ছে: শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে চাপা পড়ছে: শামা ওবায়েদ
×

শামা ওবায়েদ

 কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৭:৫৪ | আপডেট: ০৭ মে ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

বৈশ্বিক বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে চাপা পড়ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্ববাসীর জন্যও একটি গুরুত্বপূর্ণ ও বাস্তব সংকট।

গতকাল বুধবার কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনজিও ও আইএনজিও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনীতি ও জনসংখ্যার ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে। তবুও বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে এই জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তিনি বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আমলে দুই দফায় সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়।

প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত খারাপ। বিএনপি সরকার রোহিঙ্গাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে বদ্ধপরিকর। আমরা চাই, তারা তাদের দেশে ফিরে গিয়ে নিরাপদে বসবাস করুক, কাজ করে জীবিকা নির্বাহ করুক এবং তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পাক।

সরকার ইতোমধ্যে মিয়ানমার সরকার, আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, চীন, ভারত, আসিয়ানভুক্ত দেশ, মুসলিম বিশ্ব ও পশ্চিমা দেশগুলোর সঙ্গেও আলোচনা চলছে, যাতে সমন্বিত উদ্যোগে এই সংকটের সমাধান করা যায়।

আরও পড়ুন

×