নতুন ক্রুড অয়েলে ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি উৎপাদন শুরু
সচল করা হয়েছে সব ইউনিট
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৮:৩২ | আপডেট: ০৮ মে ২০২৬ | ১৮:৩৩
যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ আড়াই মাসের অপেক্ষার পর অবশেষে সৌদি আরব থেকে আসা ‘এমটি নিনেমিয়া’ জাহাজের অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) দিয়ে পুনরায় উৎপাদন শুরু করেছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।
শুক্রবার থেকে এই উৎপাদন শুরু হয়েছে এবং আগামীকাল শনিবার পরিশোধিত জ্বালানির প্রথম অংশ সরবরাহ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম মাহমুদুল মালেক বলেন, ‘এমটি নিনেমিয়া’ জাহাজে করে আসা তেল সরবরাহ করা হচ্ছে ইআরএলে। সেখানে পরিশোধন করার পর এই জ্বালানি বিভিন্ন নামে যাবে সারা দেশে। ১৩ ধরনের জ্বালানি উৎপাদন করে ইআরএল। বড় জাহাজে থাকা পুরো এক লাখ টন ক্রুড অয়েল খালাস করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান তিনি।
যুদ্ধ শুরুর পর দেশে আসা ক্রুড অয়েলের প্রথম জাহাজ হচ্ছে এই ‘এমটি নিনেমিয়া’। এর আগে সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি ক্রুড অয়েলের জাহাজ চট্টগ্রামে নোঙর করেছিল। কাঁচামালের তীব্র সংকটে গত দেড় মাস ধরে ইআরএলে পাইপলাইনে জমে থাকা ‘ডেডস্টক’ ব্যবহার করে কোনোমতে উৎপাদন সচল রাখা হয়েছিল। এ সময় উৎপাদন দুই-তৃতীয়াংশে নামিয়ে আনার পাশাপাশি জ্বালানির ধরন ১৩টি থেকে মাত্র ২টিতে নামিয়ে আনতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হওয়া ইআরএল অবশেষে এই চালানের মাধ্যমে নতুন প্রাণ ফিরে পেয়েছে।
সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আসা এই এক লাখ টন ক্রুড অয়েলের পাশাপাশি ইআরএলের জন্য ‘এমটি ফসিল’ নামের আরেকটি ট্যাংকারে করে আরও এক লাখ টন ক্রুড অয়েল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১০ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে জাহাজটিতে তেল লোড করার কথা রয়েছে এবং এটি ইতোমধ্যেই আমিরাতের পথে রওনা দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে চলতি মাসেই মোট দুই লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছাবে।
- বিষয় :
- যুদ্ধ
- জাহাজ
- সৌদি আরব
- ক্রুড অয়েল
