দেওয়ানগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
প্রতীকী ছবি
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৮:১৪
জামালপুরের দেওয়ানগঞ্জে ৩ বছরের শিশু ধর্ষণ চেষ্টায় আব্দুল খালেক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে আব্দুল খালেককে আসামি করে থানায় মামলা করেন। তার আগে ওই রাতেই পুলিশ আব্দুল খালেককে আটক করে থানায় নেয়।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার তথ্যমতে, ওই শিশুর বাবা-মা উভয়েই উপজেলার চরকালিকাপুর দুর্গা বাগানবাড়ির গেটে ছোট মুদি দোকান করেন। সেই সুবাদে ওই শিশুটি বেশিরভাগ সময় বাবা-মার কাছে আসে। শুক্রবার অন্যান্য দিনের মতো শিশুটি দোকানে মায়ের কাছে আসে এবং খেলতে খেলতে দুর্গা বাগানবাড়ির ভেতরে প্রবেশ করে। আব্দুল খালেক সে সময় দুর্গা বাগানবাড়িতে কাজ করছিল। দুপুরের পরে ওই স্থান ফাঁকা ছিল। ওই শিশুটি বাগানবাড়িতে প্রবেশ করলে আব্দুল খালেক শিশুটিকে ফুঁসলিয়ে রান্নাঘরে নিয়ে যায় এবং ধর্ষণ চেষ্টা করে। এ সময় মানুষের উপস্থিতি টের পেয়ে সে শিশুটিকে ছেড়ে দেয়।
এর পর থেকে শিশুটির অসুস্থ হয়ে পড়ে। শিশুটি দুপুরের পর অসুস্থ হওয়ার বিষয়টি মাকে জানায়। তার মা শিশুটিকে অসুস্থ হওয়ার কারণ জিজ্ঞেস করলে শিশুটি মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। সব শুনে শিশুটির স্বজনরা বিষয়টি পুলিশে জানায়। পুলিশ ওই রাতেই আব্দুল খালেককে আটক করে থানায় নেয়। পরে ওই রাতেই শিশুটির মা বাদী হয়ে আব্দুল খালেকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন।
শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে ছোট বলে স্কুলে যায় না। আমরা গরিব মানুষ। আমি ছোট একটি মুদি দোকান করি। মেয়েটি আমার আশেপাশে খেলাধুলা করে। মানুষ যে এতো খারাপ হতে পারে তা আগে বুঝিনি। আমি এর উপযুক্ত বিচার চাই।’
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, আব্দুল খালেকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
- বিষয় :
- জামালপুর
- দেওয়ানগঞ্জ
- ধর্ষণ চেষ্টা
- গ্রেপ্তার
