ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পরীক্ষা বাতিল করে বিদ্যালয়ে ব্যবসায়ী সমিতির নির্বাচন, ফিরে গেল শিক্ষার্থীরা

পরীক্ষা বাতিল করে বিদ্যালয়ে ব্যবসায়ী সমিতির নির্বাচন, ফিরে গেল শিক্ষার্থীরা
×

পরীক্ষা বাতিল করে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ব্যবসায়ী সমিতির নির্বাচন। ছবি-সমকাল

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ২০:৩৩

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোট গ্রহণের জন্য বাতিল করে দেওয়া হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা। আগের রাতে অনলাইনে ও বিদ্যালয়ের গেটে নোটিশ দিয়ে দায় সারে কর্তৃপক্ষ। স্বল্পসংখ্যক অভিভাবক পরীক্ষা স্থগিতের বিষয়ে জানলেও বেশির ভাগই জানতে পারেননি। ফলে শনিবার শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে গিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গেছে, ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার। ওই দিন সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। স্থগিত হওয়া পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে তা-ও জানায়নি স্কুল কর্তৃপক্ষ।

জানতে চাইলে প্রধান শিক্ষক শাহানা আমিন বলেন, সকাল ১০টা থেকে চারশর বেশি শিক্ষার্থীর গণিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়।

তিনি বলেন, হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়েছে। ছোট হওয়ার কারণে অনলাইনে প্রচার হলেও কাজে আসেনি। একই ক্যাম্পাসে হাই স্কুল থাকায় আগে থেকেই ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য অনুমতি দেওয়া হয়। অভিভাবক ও শিক্ষার্থীদের কেন্দ্র থেকে ফিরে যাওয়ার ঘটনা স্বীকার করে তিনি বলেন, স্থগিত পরীক্ষার জন্য নতুন প্রশ্নপত্র তৈরি করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শনিবার বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয় সরকার। তারই ধারাবাহিকতায় এদিন জেলার ৫৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি বাদে সব কয়টিতে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একই ক্যাম্পাসে থাকা ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন জানান, শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় নির্বাচনের ভেন্যুর জন্য অনুমতি দেওয়া হয়। প্রাথমিকের পরীক্ষা হঠাৎ বন্ধ হওয়া নিয়ে তিনি বলেন, সত্যি বলতে এটি দুঃখজনক।

এ বিষয়ে জানতে ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভিন ও সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম হাজারীর মোবাইলে একাধিকার কল দিলেও তারা রিসিভ করেননি।

ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল বলেন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে জানিয়ে দুজন প্রতিনিধি ভেন্যুর জন্য আবেদন করেন। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জানালে তারা বিদ্যালয়ে পরীক্ষা রয়েছে বলে জানান। পরে ব্যবসায়ী সমিতির নেতাদের নিয়ে বৈঠকে বসলে তারা জানান, নির্ধারিত তারিখে ভোট গ্রহণ না হলে পুনরায় তপশিল করতে হবে। তখন তাদের অনুরোধে ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে পরীক্ষা পরে নেওয়ার সিদ্ধান্ত হয়। যেহেতু জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে, তাই নতুন প্রশ্নপত্র ছাপিয়ে ওই বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন

×