ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মায়ের হত্যাকারীর বিচার দাবি

মায়ের হত্যাকারীর বিচার দাবি
×

 হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামের নাজমা আক্তার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজপথে নেমেছেন তাঁর কলেজ পড়ুয়া কন্যা নার্গিস আক্তার। গতকাল শনিবার সকালে ওই দাবি নিয়ে হবিগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন নার্গিস। লিখিত বক্তব্যে তিনি আসামিদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে নার্গিস আক্তার জানান, তাঁর বাবা জসিম উদ্দিন প্রবাসে থাকায় মা নাজমা আক্তার ও সৎ মা সিতারা খাতুনসহ ভাই-বোনদের নিয়ে একসঙ্গে বসবাস করতেন। তবে তাদের সহায়-সম্পত্তির ওপর দৃষ্টি দেন তাঁর চাচা তোরাব আলী। এ নিয়ে তোরাব আলী বিভিন্ন সময় তাদের নির্যাতন করেন। গত বছরের ১০ অক্টোবর তোরাব আলীসহ তাঁর পরিবারের লোকজন মিলে নাজমা আক্তার ও সিতারা খাতুনকে কুপিয়ে আহত করে। এতে তারা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন এবং আদালতে মামলা করেন। 
এ ঘটনার জেরে কয়েকদিন পর বিকেল ৩টার দিকে তোরাব আলী ও তার পরিবারের সদস্যরা হামলা চালিয়ে তাঁর মা নাজমা আক্তার ও সৎ মা সিতারা খাতুনকে আহত করে। ওই রাতে তাঁর মা নাজমা আক্তার নিখোঁজ হন। রাত ১১টা ৫০ মিনিটে পার্শ্ববর্তী আব্দুল হান্নান মেম্বারের বসতবাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে বাঁশঝাড়ে নাজমা আক্তারের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তাঁর হাত পিছমোড়া করে বাঁধা, মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো ও গলায় ধারালো ছুরির কাটা দাগ ছিল।

খবর পেয়ে বাহুবল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। বিষয়টি জানতে পেরে তাঁর বাবা জসিম উদ্দিন দেশে এলে ২৫ অক্টোবর নার্গিস আক্তার বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় সন্দেহভাজন ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়। 
সংবাদ সম্মেলনে নার্গিস আক্তার অভিযোগ করে বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা রাজীব কুমার দাশ আসামিদের গ্রেপ্তার না করে গড়িমসি করছেন।’ মামলার বাদী নার্গিস আক্তারের কথা না শুনে উল্টো তাঁকে প্রধান আসামি তোরাব আলীর নাম ভুলে যেতে হুমকি দেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা উল্টো তার পরিবারের সদস্যদের হয়রানি করছেন।

আরও পড়ুন

×